ঢাকা   শনিবার, ৩০ মে ২০২৬
Bengal Live বেঙ্গল লাইভ

Sharmin Akter

Sharmin Akter

Writer


কাশিয়ানীতে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক মোরসালিন শেখ ওরফে রাজুকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, মামলা হওয়ার মাত্র ৪ ঘণ্টার মাথায় পলাতক আসামিকে ধরতে সক্ষম হয়েছেন তাঁরা।​গ্রেফতার মোরসালিন শেখ কাশিয়ানী উপজেলার নিজামকান্দি পূর্বপাড়া এলাকার কালাম শেখের ছেলে।​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার ওই শিশুটি গত ৩ মে কাশিয়ানীর নিজামকান্দি পূর্বপাড়ায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। প্রতিবেশী হওয়ার সুবাদে মোরসালিন ওই বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। গত বৃহস্পতিবার (৭ মে) বেলা ১২টার দিকে পুকুরে গোসলের কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যান মোরসালিন। পরে পুকুরপাড়ের একটি নির্জন জমিতে গামছা দিয়ে মুখ বেঁধে এবং হত্যার ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়।​ধর্ষণের ফলে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে মোরসালিন পালিয়ে যান। পরে জ্ঞান ফিরলে শিশুটি তার খালাকে বিষয়টি জানায়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় স্বজনরা তাকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জে ভর্তি করেন।​কাশিয়ানী থানা-পুলিশ জানায়, বিষয়টি পুলিশের নজরে আসার পর গতকাল শনিবার রাত ১১টা ৩০ মিনিটে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। মামলা দায়েরের পরপরই আসামিকে ধরতে অভিযানে নামে পুলিশ।​গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হকের দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে কেরানীগঞ্জ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।​সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে আসামি সীমান্ত এলাকা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু পুলিশের দ্রুত তৎপরতায় তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতার মোরসালিনকে আজ রোববার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাশিয়ানীতে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার